কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক ম্যানেজারকে জিম্মি করে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপকের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী আবদুর রহমান ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে আবু মাঝির হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিদ্যুৎ অফিস এলাকা অতিক্রম করার সময় ডিবি পুলিশের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকার নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ডিবি পুলিশের পোশাক পরিহিত ওই ব্যক্তিরা অস্ত্র প্রদর্শন করে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির মিথ্যা অভিযোগ তুলে প্রাইভেটকারে তুলে নেয়। এরপর তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নামিয়ে দিয়ে তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে চক্রটি পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ১২ লাখ টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পাওয়ার পর ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।