টেনিসের হল অব ফেমে কিংবদন্তি রজার ফেদেরার

আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলেন সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। রবিবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফেদেরারের নাম হল অব ফেমে যুক্ত করা হয়। এ সময় বিলি জিন কিং ও জন ম্যাকেনরোসহ টেনিস বিশ্বের অনেক তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন।

১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে মূল ট্যুর প্রতিযোগিতায় পা রাখা ফেদেরার দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে ২০২২ সালে টেনিস থেকে অবসর গ্রহণ করেন। ক্যারিয়ারজুড়ে তিনি মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। পুরুষ এককের ইতিহাসে তার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে কেবল সার্বিয়ার নোভাক জকোভিচ (২৪টি) এবং স্পেনের রাফায়েল নাদাল (২২টি)-এর।

ফেদেরারের অর্জনের ঝুলিতে রয়েছে উইম্বলডনে রেকর্ড আটবার শিরোপা জয়ের কৃতিত্ব। এছাড়া তিনি ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন ও একটি ফরাসি ওপেন জিতেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি টানা ৩১০ সপ্তাহ বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে রেখেছিলেন।

হল অব ফেমে নিজের নাম অন্তর্ভুক্তির এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে গিয়ে ফেদেরার তার দীর্ঘ ক্যারিয়ারের কিছু পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, "আমি এমন কিছু সংখ্যার কথা বলছি যা সত্যিই একটি ছবি আঁকে। ১৯৯৮ সালে আমার প্রথম এটিপি ট্যুর শুরু হয়। অবসরের সময় ২০২২ সালের মধ্যে আমি পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড ব্যবহার করেছি, যা বিয়ন বর্গ ও জন ম্যাকেনরোর মিলিত সংখ্যার চেয়েও বেশি। আমি প্রায় সাত হাজার জোড়া মোজা পড়েছি, যা আমার অনেক প্রতিপক্ষের তুলনায় দ্বিগুণ, কারণ আমি সবসময় দু’টি করে পরতাম। এখানে এই অবস্থায় থাকতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"