ইরানের প্রধান তেল হাব হিসেবে পরিচিত খার্গ দ্বীপ ধ্বংসের দুটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্মিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির লারক দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রাম্প তার ভেরিফায়েড ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এই ভিডিওগুলো শেয়ার করেন।
শেয়ার করা এআই ভিডিওগুলোতে তেলের ট্যাংকার এবং জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, 'খার্গ দ্বীপকে উড়িয়ে দেয়া হচ্ছে।' কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপটি থেকে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালিত হয়ে থাকে।
উল্লেখ্য যে, যুদ্ধ শুরুর পর থেকেই খার্গ দ্বীপ দখল বা ধ্বংসের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্র ইরান। দেশটির গভীর সমুদ্রের এই জ্বালানি ঘাঁটিতে যেকোনো ধরণের হামলা ইরানের তেল বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিকে মারাত্মক বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

