দীর্ঘ এক যুগ পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। নতুন এই কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে ওমর ফারুককে সিনিয়র সহ-সভাপতি এবং জাকির হোসেন নাইমকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া তারেক রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফারহান ইকবাল সাদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
তবে নতুন এই কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত ছাত্রদল নেতারা ক্ষোভে রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ মিছিল করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কমিটি না থাকলেও তারা রাজপথে কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছেন। কিন্তু নতুন কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া হয়েছে। ২০১৪ সালের পর এই প্রথম কমিটি গঠন করা হলো, কিন্তু তাতে প্রকৃত নেতৃত্বকে মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তাদের।
কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধীমান বলেন, ১২ বছর পর কমিটি আসলেও এতে গভীর হতাশা ও প্রশ্ন রয়ে গেছে। তিনি জানান, বিগত বছরগুলোতে সংগঠনের দুর্দিনে মাইন উদ্দিন, তানভীর, সাকিব ও নোমানদের মতো নেতারা রাজপথে সক্রিয় ছিলেন, কিন্তু বয়সের অজুহাত বা নানা ইস্যু দেখিয়ে তাদের নেতৃত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।
ছাত্রদল নেতা মাইন উদ্দিন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা নেতাকর্মীদের নিয়ে রাজপথে লড়াই করেছেন। অথচ নতুন কমিটিতে তাদের নাম নেই। তিনি অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

