বাসা ভাড়া নেওয়ার পর বাড়িওয়ালার পক্ষ থেকে নানা ধরনের বিধিনিষেধের মুখোমুখি হতে হয়। দেয়ালে পেরেক গাঁথা যাবে না কিংবা নিজের পছন্দের রং করা যাবে না—এমন শর্ত প্রায়ই জুড়ে দেওয়া হয়। কিন্তু শৌখিন মানুষ সব সময় ঘর সাজিয়ে-গুছিয়ে রাখতে ভালোবাসেন। যদিও যে বাড়ি নিজের নয়, সেখানে নিজের ইচ্ছেমতো সবকিছু করা সম্ভব নয়, তবুও কিছু কৌশলী উপায়ে বাড়িওয়ালার শর্ত না ভেঙেই বাসা সুন্দর করে সাজিয়ে তোলা যায়।
বাসা ভাড়া নেওয়ার সময় সাধারণত ঘর রং করে দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে বাড়িওয়ালা তা আর করেন না। এক্ষেত্রে বাজেট থাকলে বাড়িওয়ালার অনুমতি নিয়ে নিজের পছন্দের রং করিয়ে নিতে পারেন। তবে রঙের ঝামেলায় না যেতে চাইলে ওয়ালপেপার এবং স্টিকার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। এগুলো সহজেই দেয়ালের পুরনো রং ঢেকে ফেলে। একইভাবে পড়ার টেবিল থেকে শুরু করে রান্নাঘরের তাক পর্যন্ত পুরনো দেখালে ওয়ালপেপারে মুড়ে দিতে পারেন। এগুলো পরে সহজে তুলে ফেলা যায়।
ঘরের মেঝের টাইলস পছন্দ না হলে কার্পেটিংয়ের ব্যবস্থা করতে পারেন। যদি কার্পেট ব্যবহারের সুযোগ না থাকে, তবে সুন্দর শীতলপাটি, শতরঞ্জি বা রাগস ব্যবহার করতে পারেন। এতে অন্দরের চেহারাই পুরোপুরি পাল্টে যাবে।
দেয়ালে পেরেকের পরিবর্তে হুক ব্যবহার করা যেতে পারে। এগুলোর পেছনে পোক্ত গ্লু লাগানো থাকে বলে দেয়ালে লাগানো ও তোলা বেশ সহজ। এগুলোয় ওয়ালম্যাট বা পেইন্টিং সহজে ঝোলানো যায়। তবে ওয়ালম্যাট বা পেইন্টিংয়ের ওজন কেমন, তার ওপর নির্ভর করে সঠিক হুক বেছে নেওয়া জরুরি।
সবশেষে, বসার ঘর, শোয়ার ঘর ও বারান্দায় রকমারি গাছ রাখতে পারেন। মানিপ্ল্যান্ট, পিস লিলি বা রাবারের মতো গাছ এসব জায়গায় রাখলে ঘর বেশ সুন্দর ও সতেজ দেখাবে।

