দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘ভি৮০ লাইট ৫জি’ উন্মোচন করেছে চীনা মোবাইল ব্র্যান্ড ভিভো। তরুণ প্রজন্মের লাইফস্টাইলকে প্রাধান্য দিয়ে ‘স্লে এভরি এজ’ স্লোগানে বাজারে আসা এই স্মার্টফোনটিতে রয়েছে আকর্ষণীয় ডুয়াল-কার্ভড ডিসপ্লে এবং আধুনিক ‘স্কাইলাইন’ ক্যামেরা ডিজাইন। ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ ফোনটি ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে।
ফোনটির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম। ভিভোর দাবি অনুযায়ী, উন্নত সিস্টেম অপটিমাইজেশনের ফলে ফোনটি টানা ৫০ মাস বা তার চেয়েও বেশি সময় ধরে কোনো ধরনের ল্যাগ ছাড়াই স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।
ক্যামেরার ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। এতে থাকা ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা কম আলোতেও চমৎকার ছবি তোলার নিশ্চয়তা দেয়। এছাড়া গ্রুপ সেলফি তোলার সুবিধার্থে এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পানি ও ধুলার হাত থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং দেওয়া হয়েছে।
ভি৮০ লাইট ৫জি স্মার্টফোনটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি+১২৮ জিবি সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য ৯ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা দিচ্ছে ভিভো।

