রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত এবং রোববার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বিদেশ থেকে আসা এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। ডিসি মির্জা তারেক আহমেদ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধী হিসেবেই তাদের দেখা হবে এবং এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট নরসিংদীর বাসিন্দা মো. সুমন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর, সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে ৩ নম্বর ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, বাদী সুমনের বড় ভাই মালয়েশিয়া থেকে বোন ও পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার গ্রহণ করে একটি ভাড়া করা গাড়িতে ফেরার পথে বলাকা ভবনের বিপরীতে আসামিরা তাদের গতিরোধ করে। এ সময় নিজেদের আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে এবং তাদের কাছে বোমা আছে বলে ভয় দেখিয়ে কিল-ঘুষি মেরে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। সে সময় পথচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে এবং একজন ঘটনার ভিডিও ধারণ করলে আসামিরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

