রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার বাসিন্দা মো. আবদুর রহিম তার দশ বছর বয়সী শিশু সন্তান মো. তানভীর আহমেদকে নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। গত ২০ আগস্ট মাদ্রাসা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। দীর্ঘ ১০ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা। একইভাবে গত ৯ মে বিকেলে খেলতে বের হওয়ার পর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে নিখোঁজ হয় ৯ বছরের শিশু আলী হোসেন। সন্তানকে খুঁজে না পেয়ে ১০ মে দারুস সালাম থানায় জিডি করেন তার বাবা।
তানভীর বা আলী হোসেনের মতো এমন অসংখ্য শিশু প্রতিদিন হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সাত মাসে দেশে প্রায় ১৫ হাজার ৯১৭ জন শিশু নিখোঁজ হয়েছে। এই হিসাবে প্রতিদিন গড়ে নিখোঁজ শিশুর সংখ্যা ৭৫ জনেরও বেশি। পুলিশের তথ্যমতে, জুন মাসে সবচেয়ে বেশি ৩ হাজার ১৬৩ জন শিশু নিখোঁজ হয়েছে। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৭৬৮ জন, ফেব্রুয়ারিতে ১ হাজার ৩৯২ জন, মার্চে ১ হাজার ৭০৮ জন, এপ্রিলে ২ হাজার ৬৬০ জন, মে মাসে ২ হাজার ৫৬ জন এবং জুলাই মাসে ৩ হাজার ১১ জন শিশু নিখোঁজ হওয়ার খবর থানায় লিপিবদ্ধ হয়েছে।
নিখোঁজ শিশুদের উদ্ধারে সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মুন অ্যালার্ট’ ব্যবস্থা চালু রয়েছে, যেখানে ১৩২১৯ টোল-ফ্রি হেল্পলাইন ও অনলাইন প্ল্যাটফর্মে তথ্য দেওয়া যায়। মেটা (ফেসবুক)-এর সহযোগিতায় স্থানীয় বিজ্ঞপ্তিও পাঠানো হয়। তবে মুন অ্যালার্ট-এর হিসাবে গত ছয় মাসে প্রায় ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে, অর্থাৎ তাদের হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৯ জন শিশু হারিয়ে যাচ্ছে। কেবল রাজধানী নয়, চট্টগ্রাম, সাতক্ষীরা, ঝিনাইদহ এবং পাবনার মতো প্রান্তিক এলাকাগুলোতেও এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্ত এলাকা হওয়ায় সাতক্ষীরা ও ঝিনাইদহে পাচার চক্রের সক্রিয়তা নিয়ে স্থানীয়রা বিশেষভাবে উদ্বিগ্ন।
অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে, পাচার চক্রের সক্রিয়তা, মুক্তিপণ আদায়, পারিবারিক বিরোধ এবং মাদক বিস্তারের মতো বিষয়গুলো শিশু নিখোঁজের পেছনে বড় ভূমিকা রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক জানান, পাচার চক্রের খপ্পরে পড়া ছাড়াও অঙ্গহানি, ভিক্ষাবৃত্তি, যৌন লালসা কিংবা নিঃসন্তান দম্পতির সন্তান চুরির মতো অপরাধমূলক কারণে শিশুরা অপহৃত হয়। এছাড়া মুক্তিপণ আদায়, পূর্ব শত্রুতা বা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেও অনেক সময় শিশুদের অপহরণ করা হয়।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম মনে করেন, শিশুরা শারীরিকভাবে দুর্বল হওয়ায় অপরাধীরা তাদের সহজে নিশানা করে, তাই দেশব্যাপী প্রশাসনের শক্তিশালী সমন্বয়ের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। মানুষের জন্য ফাউন্ডেশনের সাহানা হুদা বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর প্রথম কয়েক ঘণ্টাই উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তদন্ত ও উদ্ধার অভিযানে বিলম্বের কারণে অপরাধীরা এলাকা ছাড়ার সুযোগ পায়, যা খুবই উদ্বেগজনক।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি নিখোঁজ ডায়েরি ও মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। তবে অনেক শিশু নিজে নিজেই ফিরে আসে এবং পরিবার থেকে থানায় আর জানানো হয় না বলে সঠিক পরিসংখ্যান সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। উদ্ধার ও প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিষয়ে তিনি জানান, সব বাহিনীর প্রতিনিধিদের অংশগ্রহণে মিটিংয়ের মাধ্যমে বড় সমস্যাগুলোর সমাধান করা হয়ে থাকে।

