সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তুত করা নতুন বেতনকাঠামোর খসড়া আগামীকাল সোমবার মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। মন্ত্রিসভা থেকে অনুমোদন পাওয়া গেলে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে, যা সম্পন্ন করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করার লক্ষ্যে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিই বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করেছে। এর আগে, অষ্টম বেতন কমিশনের প্রায় ১২ বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

জাকির আহমেদ খান কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব ছিল। কমিশন জানিয়েছিল, ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বর্তমানে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হলেও নতুন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

তবে সূত্রমতে, নাসিমুল গনি কমিটি ১০০ শতাংশের বেশি বৃদ্ধির সুপারিশ করেনি এবং তারা দুই বছরে নতুন বেতনকাঠামো কার্যকরের প্রস্তাব করেছে। এর মধ্যে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি অনুযায়ী, আগের সুপারিশের চেয়ে কিছুটা ভিন্নভাবে ১ জুলাই থেকেই মূল বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে তা ধাপে ধাপে কার্যকর করা হবে।

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, প্রায় ১১ বছর ধরে একই বেতনকাঠামো থাকায় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। চলতি অর্থবছরের বাজেটে বেতন-ভাতার জন্য ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের চেয়ে ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি। অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত সপ্তাহে জানান, রাজস্ব স্পেস কমে যাওয়ায় একসঙ্গে পুরো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এবং এ বিষয়ে হিসাব-নিকাশ চলছে।