অচল অন্তর্বর্তী সরকারের ‘নাগরিক সেবাকেন্দ্র’, চারটিতেই ঝুলছে তালা

‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ দেওয়ার বড় প্রতিশ্রুতি নিয়ে শুরু হলেও মাত্র কয়েক মাসের ব্যবধানে অচল হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের ‘নাগরিক সেবাকেন্দ্র’ উদ্যোগ। রাজধানীর ছয়টি পরীক্ষামূলক (পাইলট) কেন্দ্রের মধ্যে চারটিতেই এখন তালা ঝুলছে। বাকি দুটি কোনোমতে খোলা হলেও সেখানে সেবাদানকারী বা সেবাপ্রার্থী—কারও দেখাই মিলছে না।

তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উদ্যোগে ২০২৫ সালের ২৬ মে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর উদ্বোধন করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। লক্ষ্য ছিল পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, সাধারণ ডায়েরি (জিডি) ও ভূমিসেবাসহ ৪৫০টি সরকারি সেবা ভোগান্তিমুক্ত উপায়ে নাগরিকদের দ্বারে পৌঁছে দেওয়া। কিন্তু প্রয়োজনীয় ইন্টারনেট সংযোগ, কম্পিউটার, প্রিন্টার ও বায়োমেট্রিক যন্ত্রপাতির অভাবে এই মহতি উদ্যোগ শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

গত ২৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর সাব-পোস্ট অফিসের দ্বিতীয় তলার নাগরিক সেবাকেন্দ্রে গিয়ে দেখা যায় চরম অব্যবস্থাপনার চিত্র। কক্ষটিতে কেবল দুটি টেবিল ও কয়েকটি চেয়ার অগোছালোভাবে পড়ে আছে, দরজায় ঝুলছে তালা। এই কেন্দ্রের উদ্যোক্তা মো. মুস্তাকিম জানান, নিয়মিত আয়ের আশায় নিজের কম্পিউটার দোকান ছেড়ে এখানে যুক্ত হয়েছিলেন। কিন্তু সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা মেলেনি। ফলে বাধ্য হয়েই তিনি কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

একই অবস্থা দেখা গেছে নীলক্ষেত ও গুলিস্তানের সেবাকেন্দ্রেও। নীলক্ষেতে বিটিসিএল কার্যালয়ের দুটি কক্ষ নিয়ে চালু হওয়া কেন্দ্রটি এখন তালাবদ্ধ। সেখানকার উদ্যোক্তা রাজিত খান জানান, সেবাপ্রার্থীদের যেসব সেবা দেওয়ার কথা ছিল, তার কিছুই দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই সংসার চালাতে তিনি অন্য কাজে যুক্ত হয়েছেন। গুলিস্তান টেলিফোন এক্সচেঞ্জ অফিসের ভেতরের কেন্দ্রটিও তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

উত্তরার কেন্দ্রের উদ্যোক্তা আশিকুর রহমান জানান, আসবাবপত্র ছাড়া আর কোনো সরঞ্জাম তিনি পাননি। শুরুতে নিজের ল্যাপটপ দিয়ে কাজ চালালেও পাসপোর্ট অফিস থেকে দেওয়া একমাত্র বায়োমেট্রিক মেশিনটি কয়েক মাস আগে ফেরত নেওয়া হয়েছে।

এই উদ্যোগটি মুখ থুবড়ে পড়ার পেছনে আইসিটি বিভাগের সমন্বয়ের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাম প্রকাশ না করার শর্তে আইসিটি বিভাগের এক কর্মকর্তা একে ‘লোকদেখানো’ উদ্যোগ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, উদ্যোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হলে এর জন্য আলাদা বাজেট ও প্রচারের ব্যবস্থা করা হতো। উদ্যোক্তাদের অভিযোগ, সরকারি কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকায় তাঁরা নিজেদের উদ্যোগে সরকারি নামে ইন্টারনেট সংযোগও নিতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের ডিজিটাল গভর্ন্যান্স ও সিকিউরিটি অনুবিভাগের যুগ্ম সচিব মো. মজিবর রহমান জানান, নাগরিক সেবাকেন্দ্রের কার্যক্রম খুব বেশি টেকসই হয়নি এবং প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। তাই সরকার এই প্রকল্প নিয়ে আর এগোয়নি। তবে প্রয়োজনে ভিন্নভাবে এটি চালুর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন এই পরিস্থিতি নিয়ে বলেন, তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরিকল্পনা করা উচিত ছিল। আগের উদ্যোগগুলো কেন সফল হয়নি, তা বিশ্লেষণ করা জরুরি। টেকসই সমাধান চিন্তা না করে কেবল উদ্যোগ নিলে তা সমস্যার সমাধান করতে পারে না।