ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির সম্মানে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে ঠাকুরগাঁওয়ে আয়োজিত হলো জমকালো হাফ ম্যারাথন। স্বাস্থ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই ম্যারাথনকে ঘিরে পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০টি জেলার দৌড়বিদরা অংশ নিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরের আলো ফোটার আগেই আব্দুর রশিদ ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে দৌড়বিদরা তাদের যাত্রা শুরু করেন। কেউ নিজের রেকর্ড ভাঙার প্রত্যয়ে ছুটছেন, আবার কেউ সুস্থ থাকার আনন্দ নিয়ে অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এটি কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের সংযোগ স্থাপনের একটি মাধ্যম।

ঢাকা থেকে আসা কিশোরী জিন্নাথ পারভীন বলেন, এই ম্যারাথন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি একটি জেলার সঙ্গে আরেকটি জেলার এবং মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের সংযোগ। সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানকে সামনে রেখে ঠাকুরগাঁও রানার্সের উদ্যোগে আয়োজিত এই ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’ আয়োজন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মেসার্স গার্ডেনিয়া। আয়োজকদের ভাষ্যমতে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তেমনি খেলাধুলার সঙ্গেও তার নিবিড় সম্পর্ক রয়েছে। সাবেক এই খেলোয়াড় ও ক্রীড়ামোদী রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতেই এই আয়োজন উৎসর্গ করা হয়েছে।

তরুণ রানার এলিন খান বলেন, একজন দৌড়বিদের কাছে প্রতিটি কিলোমিটার একটি নতুন চ্যালেঞ্জ। শ্বাস ভারী হওয়া বা পা ক্লান্ত হয়ে যাওয়ার পরেও থেমে না গিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলাই মূল লক্ষ্য। তিনি বলেন, গন্তব্য শুধু ফিনিশিং লাইন নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করাই আসল উদ্দেশ্য।

ঠাকুরগাঁও রানার্সের প্রধান পৃষ্ঠপোষক নুর ই শাহাদাত স্বজন বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করাই তাদের প্রধান লক্ষ্য। রাষ্ট্রপতির জেলা হিসেবে ঠাকুরগাঁওকে সামনে তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। দৌড় শেষে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।