ট্রাইব্যুনালে হাজির সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সেই আইনি আদেশের ধারাবাহিকতায় আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কারাবন্দি এই তিন সাংবাদিকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে তাদের মধ্যে ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, সাংবাদিক শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে বন্দি জীবন অতিবাহিত করছেন।