নিউইয়র্ক ও সিডনি রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নতুন বিমানমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের বিমান খাতের উন্নয়নে বড় ধরনের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নতুন ফ্লাইট চালু এবং উড়োজাহাজ বহর সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিটে প্রয়োজনীয় মান অর্জন করতে পারলে আগামী জানুয়ারি থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে সিডনিতেও ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে তার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ সংকট নিরসনে অন্তত ১০টি উড়োজাহাজ লিজে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, পর্যাপ্ত উড়োজাহাজ পাওয়া গেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ বা তিন গুণ বাড়ানো সম্ভব। আগামী ডিসেম্বরের মধ্যে লিজ সংক্রান্ত চুক্তি সই করে পরের বছর থেকেই নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ২০৩১ সালে বোয়িংয়ের সঙ্গে করা চুক্তির আওতায় নতুন উড়োজাহাজ না আসা পর্যন্ত যাত্রীসেবা ও ফ্লাইট সম্প্রসারণের ধারাবাহিকতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের মতো প্রকল্পগুলোও তার পরিকল্পনায় রয়েছে। কাজের গতি বাড়াতে মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করা এবং টিমওয়ার্কের ওপর জোর দিয়েছেন নতুন মন্ত্রী। কাজের তদারকির সুবিধার্থে তিনি সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে অন্তত একদিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে সরাসরি উপস্থিত থেকে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন।