তেজগাঁও থানার কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের আড়াই বছরের শিশু নিখোঁজ

রাজধানীর তেজগাঁও থানার কোয়ার্টার থেকে এক পুলিশ সদস্যের আড়াই বছরের শিশু সন্তান নিখোঁজ হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে শিশুটি হারিয়ে যায়। তেজগাঁও থানার এসআই শাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, থানার কোয়ার্টার থেকে ওই পুলিশ সদস্যের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি ক্যশৈনু মারমা জানান, থানার বাউন্ডারির ভেতরেই পুলিশ সদস্যদের জন্য কোয়ার্টার রয়েছে। সেখানে থাকা এক পুলিশ সদস্যের ছেলে বাউন্ডারির ভেতরেই খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শিশুটি খেলতে খেলতে থানার বাউন্ডারির বাইরে মূল রাস্তায় চলে গেছে। বর্তমানে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওসি আরও জানিয়েছেন, পরিবারের সবাই বর্তমানে ভালো ও সুস্থ আছেন।