আয়কর প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে নিয়োগ পেয়েছেন কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানা। সংস্থাটি বৃহস্পতিবার ২২ জন কর কমিশনারের দপ্তর বদলের প্রজ্ঞাপন জারি করেছে।
সিআইসি ও এনবিআরের বিশেষায়িত গোয়েন্দা ইউনিটগুলো আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটের মতোই কাজ করে, যেখানে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত সব ধরনের অপরাধ তদন্ত করা হয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইসির বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে কর অঞ্চল-৮-এ বদলি করা হয়েছে। এছাড়া আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১১-এ এবং কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসানকে আয়কর গোয়েন্দার মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, কবির উদ্দিন মোল্লাকে কর অঞ্চল-৪-এ, শহিদুল ইসলামকে কর আপিল অঞ্চল-৩-এ এবং নাজমা পারভীনকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে পদায়ন করা হয়েছে।
একই দিনে পৃথক এক আদেশে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে চলতি দায়িত্বে পদোন্নতি দিয়ে কর কমিশনার করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—ড. নুরুল আমিন, মাহবুবুল মোর্শেদ, মিজানুর রহমান, মোহাম্মদ নাঈমুর রসুল, এজেডএম নূরুজ্জামান, মো. মনিরুজ্জামান, আশরাফুল ইসলাম, সালেহীন সিরাজ, মোহাম্মদ শাহ আলম, মোসাদ্দেক হুসেন, মির্জা মোহাম্মদ মামুন সাদাত এবং দুলাল চন্দ্র পান্ডে। আরেকটি আদেশের মাধ্যমে এই কর্মকর্তাদের দপ্তর বণ্টন করা হয়েছে।

