রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় কোনো ঘাটতি রাখা হয়নি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন এবং আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সিইসি এসব তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে, তাই এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন উভয়ই এই ধরনের প্রক্রিয়ায় অভ্যস্ত না হওয়া সত্ত্বেও কোনো গ্যাপ যেন না থাকে, সেজন্য সব ধরনের এক্সারসাইজ সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনের আইনগত প্রক্রিয়ার বিষয়ে সিইসি জানান, বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন না থাকলেও কেবল নির্বাচনের প্রয়োজনে বৈঠক আহ্বান করা সম্ভব। আইন অনুযায়ী নির্বাচনী কর্মকর্তা এই বৈঠক আহ্বান করবেন এবং সংসদ সদস্যরা সেখানে ভোট দেবেন। তিনি আরও জানান, ভোট গ্রহণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে। শুরুর দিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলীয় নেতার ভোট প্রদানের সময় লাইভ টেলিকাস্ট করা হবে। এছাড়া বিকেল ৫টায় ভোট গণনা শুরুর সময়ও পুনরায় লাইভ সম্প্রচার করা হবে।

ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন বলে উল্লেখ করে সিইসি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট শেষে বিস্তারিত ফলাফল ঘোষণা করা হবে। বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পর গেজেট প্রকাশ করা হবে। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।