বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তার দীর্ঘ অভিনয়জীবনের শুরুর দিকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছেন। অভিনয়ের দক্ষতার পাশাপাশি তার চেহারা এবং অতিরিক্ত উচ্চতা নিয়ে একসময় তাকে বেশ সমালোচনা শুনতে হতো। সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর একটি বিশেষ পর্বে নিজের সেই সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন এই বর্ষীয়ান অভিনেতা।
অনুষ্ঠানে অ্যাথলেট লাভলিনা বরগোহাইন, ঝান্ডু কুমার, শর্মিলা ধনকর ও অস্মিতা দের সঙ্গে আলাপচারিতার সময় অস্মিতা জানতে চান, অ্যাথলেটরা যেমন প্রশিক্ষণের সময় ভুল করলে কোচের কাছে বকুনি খান, অমিতাভও কি শুটিং সেটে তেমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? জবাবে অমিতাভ জানান, ক্যারিয়ারের শুরুতে তাকে নিয়মিতই বকাঝকা শুনতে হতো। তাকে বলা হতো, তুমি অভিনয়ের কিছুই জানো না, তুমি অনেক লম্বা, বাড়ি চলে যাও।
অমিতাভ আরও জানান, যখন তিনি কাজের সুযোগ পেতে শুরু করেন, তখনও তাকে নানা বিষয়ে সংশোধন করা হতো। সংলাপ বলার সময় তাকে বারবার থামিয়ে ভুল ধরিয়ে দেওয়া হতো এবং বকুনি খেয়েই তিনি ধীরে ধীরে নিজেকে উন্নত করেছেন।
শুটিংয়ে দেরি করার কারণে একবার এক পরিচালক তাকে সেট থেকে বের করে দিয়েছিলেন বলেও জানান অমিতাভ। তিনি বলেন, সাধারণত তিনি সময়মতো শুটিংয়ে পৌঁছানোর চেষ্টা করতেন, কিন্তু একবার দেরি হয়ে যাওয়ায় পরিচালক তাকে সেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন অমিতাভের নিজস্ব কোনো গাড়ি ছিল না, অন্য একজনের গাড়িতে করে তিনি সেটে পৌঁছান। পরিচালক তাকে দেখেই জানান, শুটিং শেষ এবং সবাইকে চলে যেতে বলেন।
এদিকে অভিনয়ের দীর্ঘ পথ পাড়ি দেওয়া অমিতাভ বচ্চনকে পরবর্তীতে প্রভাসের সঙ্গে ‘কালকি ২’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি ২০২৭ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

