গ্যাস সংকটে ফুলবাড়ীয়ায় বাড়তি ভাড়া আদায়, চরম ভোগান্তি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় তীব্র গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে বাসাবাড়িতে রান্নার গ্যাসের বাড়তি দাম, অন্যদিকে যানবাহনে জ্বালানি সংকটের কারণে যাতায়াতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কর্মস্থলে যাতায়াতকারী যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই এই দ্বিমুখী চাপে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সিএনজি চালকদের দাবি, প্রতিদিন তাদের ৩০০ থেকে ৪০০ টাকার গ্যাসের প্রয়োজন হলেও স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। আব্দুল হালিম নামের এক চালক জানান, ময়মনসিংহ গ্যাস স্টেশনে সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তিনি মাত্র ১২০ টাকার গ্যাস পেয়েছেন। এই সংকটের কারণে ফুলবাড়ীয়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহ-ঢাকা বাইপাস এবং ফুলবাড়ীয়া থেকে ফুলবাড়ীয়া পুরাতন বাসস্ট্যান্ডের ৫০ টাকার ভাড়া এখন ৬০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া ফুলবাড়ীয়া থেকে আছিম বাজারে যাতায়াতে ৪০ টাকার ভাড়া বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা। চালকরা বলছেন, যাত্রীদের পরিস্থিতি বুঝিয়ে তারা ১০ টাকা করে বেশি নিচ্ছেন।

এদিকে যাত্রীদের অভিযোগ, গ্যাস সংকটের অজুহাতে চালকরা জোর করে বাড়তি ভাড়া আদায় করছেন। আনিস নামে এক চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে এখন প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। কিন্তু বেতন তো বাড়েনি, এভাবে চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। মাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শ্যামলী আক্তার নামে এক যাত্রী জানান, চালকদের দাবি মতো বাড়তি ভাড়া না দিলে তারা যেতেই রাজি হয় না। সত্য কথা বললে সিএনজি চালকরা সরাসরি জানিয়ে দেয় যে তারা যাবে না।

এ বিষয়ে সিএনজি স্টেশনের মাস্টার ইনসান আলী জানান, গ্যাস ও গাড়ির সংকটের কারণে সাময়িকভাবে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থানে ফিরে যাবে। অন্যদিকে চালকদের দাবি, স্বাভাবিকভাবে গ্যাস না পাওয়ায় বাধ্য হয়ে তাদের বেশি দামে এলপিজি গ্যাস কিনতে হচ্ছে। ইকবাল নামে এক চালক বলেন, গ্যাস সংকটের কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অথবা বেশি দামে এলপিজি গ্যাস ব্যবহার করতে হয়, যার ফলে তাদের পরিচালন ব্যয় বেড়ে গেছে। বাড়তি খরচের কারণে আগের মতো আর আয় থাকছে না বলেই ভাড়া কিছুটা বাড়াতে হয়েছে।

শুধু সিএনজি নয়, এই গ্যাস সংকটের সুযোগ নিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী অটোরিকশাগুলোও বাড়তি ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, সংবাদমাধ্যমের কল্যাণে গ্যাসের সংকটের বিষয়টি জানতে পেরে তিনি ও সহকারী কমিশনার (ভূমি) প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক আলোচনা করেছেন। যাত্রী সাধারণের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় কিংবা গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য নেওয়ার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২২: ২১আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২২: ২২

স্থানীয় সিএনজি চালকদের অভিযোগ, প্রতিদিন ৩ থেকে ৪০০ টাকার গ্যাস প্রয়োজন। অথচ ময়মনসিংহ গ্যাস স্টেশনে গিয়ে সকাল থেকে অপেক্ষা করে বিকেল পর্যন্ত ১২০ টাকার গ্যাস পেয়েছেন বলে জানান সিএনজি চালক আব্দুল হালিম।