ছয় মাসে সব সমস্যার সমাধান কঠিন, তবে সরকার আন্তরিক: মাহদী আমিন

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মাত্র ছয় মাসে সব সমস্যার শতভাগ সমাধান করা দুরূহ। তবে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা রয়েছে।

মাহদী আমিন জানান, গত ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে পুনর্গঠন করা হচ্ছে। ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান ইশতেহারের মূলে রয়েছে শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, বর্তমান প্রধানমন্ত্রীর প্রণীত ২৭ দফা এবং যুগপৎ আন্দোলনের ৩১ দফা। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ইশতেহারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।

সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন মাহদী আমিন জানান, দায়িত্ব নেওয়ার পরপরই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যা প্রায় ১৩ লাখ পরিবারকে উপকৃত করেছে। এছাড়া কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড এবং জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের সম্মানী প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিও চলমান রয়েছে।

তিনি জানান, সরকার গঠনের পর রমজান মাসে দ্রব্যমূল্য সফলভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল এবং সিন্ডিকেট ভাঙার কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ছয় মাসে কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি এবং বাক্স্বাধীনতার ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে। এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া ৭ হাজার কোটি টাকার মধ্যে প্রাথমিকভাবে ২ হাজার কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। তিনি বলেন, এর ফলে ২০২২ সালের পর থেকে বিগত চার বছর ধরে সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকেরা তাঁদের অবসর ও কল্যাণের ন্যায্য টাকা পাননি।

শিক্ষাব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা, মিড-ডে মিল কার্যক্রম এবং ইনোভেশন আইডিয়া শোকেসিংয়ের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে গ্যাস ও বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মাহদী আমিন আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সহায়তায় সরকার কাজ করছে। অর্থনৈতিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে জনবান্ধব বাজেট প্রণয়ন, ব্যবসা সহজীকরণ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করে তিনি জানান, ফ্যাসিবাদের ধারাবাহিকতা ভেঙে জনবান্ধব পুলিশ ও প্রশাসন গড়ে তোলা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন জানানো হয়েছে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।