দামুড়হুদায় ঘাসের জমিতে বিষ প্রয়োগে শতাধিক পাখির মৃত্যু, জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘাসের জমিতে বিষ প্রয়োগের কারণে পোকামাকড় খেতে এসে দেশি প্রজাতির শতাধিক পাখির মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী ধ্বংসের এই ঘটনায় জড়িত থাকার অপরাধে জমির মালিকের ছেলেকে ৫০০ টাকা জরিমানা করেছে স্থানীয় ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান নিজের ঘাসের জমিতে বিষ প্রয়োগ করেছিলেন। এরপর শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত সময়ে ওই জমিতে পোকামাকড় খেতে এসে বিভিন্ন দেশি প্রজাতির শতাধিক পাখি মারা যায়। বিপুল সংখ্যক পাখির মৃত্যুর এই ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে রোববার রাতে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ার পর জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজন জমিতে বিষ দেওয়ার বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।