২৭ বছর বয়সে ঘুমের মধ্যে চিরঘুমে বলিউড অভিনেত্রী অনন্যা রাজ

বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তার এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, বন্ধু এবং ভক্তদের মাঝে। অভিনেত্রীর মৃত্যুর প্রায় এক মাস পর তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ১৫ জুলাই ২০২৬ মধ্যরাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনন্যা। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক বছর ধরে অনন্যা নানা শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন অস্বস্তি ও কষ্টের মধ্যেও তিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছিলেন। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্যের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলেও মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এ সময় পরিবারের গোপনীয়তা ও মানসিক অবস্থার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

অনন্যার মৃত্যুর পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সর্বশেষ পোস্টটি নতুন করে আলোচনায় এসেছে। গত ১৭ মে তিনি একটি শুটিংয়ের ছবি পোস্ট করেছিলেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার জ্বলে ওঠার সময়। মৃত্যুর আগে করা এই আশাবাদী পোস্টটি এখন ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্যার দেড় লাখেরও বেশি অনুসারী ছিল।

২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যা রাজের। এরপর ২০১৭ সালে ‘দ্যা ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে ‘ঘোস্ট’ সিনেমায় তাকে দেখা গেছে। সিনেমার পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো প্রতিষ্ঠিত মিউজিক লেবেলের বেশ কয়েকটি প্রকল্পে তার অংশগ্রহণ ছিল। এছাড়া আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি, যার মধ্যে ‘থাগ্গেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদ্রাসি গ্যাং’ উল্লেখযোগ্য।