গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত কাটবে, আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার গ্যাসের সমস্যা সমাধানে নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ খাতের কারিগরি ত্রুটিগুলো কমিয়ে আনা হয়েছে এবং খুব দ্রুতই বিদ্যুৎ সংকট থেকে দেশ মুক্তি পাবে।

এ সময় বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, আর তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি বিরোধীদলকে এসব সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।