২০৩০ সালের মধ্যে ৪০ বিলিয়ন ডলার জিডিপির লক্ষ্য নির্ধারণ

রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স ২০২৬’। দেশের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ও প্রশিক্ষণ খাতের শীর্ষস্থানীয় সংগঠন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TAB)-এর উদ্যোগে দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল ‘Skills Matter’ (দক্ষতাই আসল)। অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ, কর্পোরেট লিডার, এইচআর প্রফেশনাল এবং পাঁচ শতাধিক প্রশিক্ষণ বিশেষজ্ঞ অংশ নেন।

কনফারেন্সের মূল প্রতিপাদ্যের ওপর দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও বরেণ্য শিক্ষাবিদ ডক্টর কে এম হাসান রিপন। তিনি বর্তমান কর্পোরেট সেক্টরের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, আজকের প্রতিযোগিতাপূর্ণ কর্পোরেট দুনিয়ায় প্রাতিষ্ঠানিক ডিগ্রির চেয়ে বাস্তবমুখী দক্ষতা বা ‘স্কিলস’ অনেক বেশি জরুরি। আমাদের শিল্পখাতগুলোতে যে দক্ষতার ঘাটতি (স্কিলস গ্যাপ) রয়েছে, তা দূর করতে না পারলে বৈশ্বিক বাজারে আমরা পিছিয়ে পড়ব। এই গ্যাপ পূরণে তিনি সুনির্দিষ্ট ও আধুনিক কিছু সলিউশন তুলে ধরেন, যা বাংলাদেশের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি ও দক্ষ জনশক্তি গড়তে এক অনন্য ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে বলে উপস্থিত সকলে একমত পোষণ করেন।

এই আন্তর্জাতিক কনফারেন্সের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল আজকের অনুষ্ঠানের মূল কি-নোট প্রেজেন্টেশন (Keynote Presentation)। মালয়েশিয়ার সফল মডেলের আদলে তৈরি করা ‘HRD কর্পোরেশন বাংলাদেশ’ এর এই বিশেষ স্ট্র্যাটেজিক ও রূপান্তরমূলক মডেলটি যৌথভাবে উপস্থাপন করেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডক্টর মো. ইউসুফ ইফতি এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম। যৌথ এই কি-নোট প্রেজেন্টেশনে তারা দেখান কীভাবে এই মডেলের মাধ্যমে বেসরকারি খাতের (Private Sector) কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব এবং কীভাবে এটি দেশের বিদ্যমান স্কিলস গ্যাপ দূর করতে কাজ করবে।

এই মডেলটি যথাযথভাবে বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে দেশের জিডিপিতে প্রায় ৪০ বিলিয়ন ডলার কন্ট্রিবিউশন করা সম্ভব। এ ছাড়াও এই এইচআরডি কর্পোরেশনের ব্যানারে ২০৩০ সালের মধ্যে ১০,০০০ আন্তর্জাতিক মানের সার্টিফাইড ট্রেইনার তৈরি এবং দেশব্যাপী ট্রেইনারদের একটি সুসংগঠিত ডাটাবেজ তৈরি করার সুনির্দিষ্ট রোডম্যাপও এই কি-নোট প্রেজেন্টেশনে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি, এনএসডিএ (NSDA)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান (সচিব) ডক্টর নাসরীন আফরোজ চৌধুরী এই প্রস্তাবকে অত্যন্ত সময়োপযোগী ও চমৎকার উল্লেখ করে গভীর আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টে এই প্রস্তাবটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এনএসডিএ এই প্রস্তাবটি নিয়ে ইতিবাচকভাবে কাজ করবে এবং বাংলাদেশে এটি বাস্তবায়নের ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব।

কনফারেন্সের আরেকজন প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে এক সুতোয় বাঁধার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষা প্রতিমন্ত্রী তার বক্তায় বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে প্রাথমিক পর্যায় থেকেই দক্ষ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমি ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কে আহ্বান জানাচ্ছি আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা (Proposal) জমা দিন। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লিডারশিপ, এমপ্যাথি (সহমর্মিতা), কমিউনিকেশন এবং টিম-বিল্ডিংয়ের মতো সফট স্কিলসের উন্নয়নে ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের এই বিশেষায়িত প্রশিক্ষণ মডিউলটি দেশব্যাপী কার্যকর করতে চাই।

কনফারেন্সে ট্রেইনারদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে ৫টি বিশেষায়িত ‘ফিচার্ড সেশন’ অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে মূল বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিসান কিংশুক হক, আয়মান সাদিক, কাজী এম আহমেদ, ইজাজুর রহমান, অস্ট্রেলিয়ার বিখ্যাত ট্রেইনার ডেক্সটার ডেহিং এবং সিঙ্গাপুরের মিস সুচিসহ আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেইনার।

কনফারেন্সে দেশের লার্নিং, ডেভেলপমেন্ট ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়: লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: কাজী এম আহমেদ (প্রতিষ্ঠাতা, বোল্ড এবং সিইও, কাজী কনসালটেন্টস); ডিস্টিংগুইশড কন্ট্রিবিউশন টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড: নিলুফার আহমেদ করিম (বিশিষ্ট প্রশিক্ষক ও জেন্ডার বিশেষজ্ঞ); লার্নিং লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ড: মাইক কাজী (সফল উদ্যোক্তা, ইও বাংলাদেশ-এর প্রাক্তন প্রেসিডেন্ট ও কাজী রিসোর্টের স্বত্বাধিকারী); লার্নিং অর্গানাইজেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড: বিকাশ একাডেমি (b.Academy – bKash); আউটস্ট্যান্ডিং মেম্বার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড: শাহীনা আশরাফ (TAB-এর নিবেদিতপ্রাণ সদস্য)।

কনফারেন্সের সমাপনী বক্তব্য প্রদান করেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মিস লায়লা নাজমীন। তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথি, স্পিকার, স্পন্সর ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে তিনি একটি বড় চমক ও ঘোষণা দিয়ে বলেন, আগামী বছরের ‘ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স ২০২৭’ আরও দুর্দান্ত কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশের দক্ষতা উন্নয়নে সরকারের সাথে ওতপ্রোতভাবে কাজ করবে। একই সাথে দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে সব ধরনের স্টেকহোল্ডার, এমপ্লয়ার এবং কর্পোরেট সেক্টরের সাথে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সফল এই কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খান এবং এফবিএইচআরআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন। এ ছাড়াও ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোরাদ হোসেন, ডিরেক্টর ইনোভেশন জিয়াউদ্দিন মাহমুদসহ দেশের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এবং শীর্ষ এইচআর প্রফেশনালরা প্যানেল ডিসকাশনে অংশ নেন।