রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-১২’ এর ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি ১০ জন আরোহী নিয়ে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চটি ট্রলারটিকে সজোরে ধাক্কা দিলে তা বুড়িগঙ্গায় তলিয়ে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ৮ জনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

