ঢাকার আরও ৫০ মোড়ে বসবে এআই ট্রাফিক সিগন্যাল

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এই সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এই আধুনিক ব্যবস্থাটি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ডিএসসিসির আওতাধীন আটটি মোড়ে এটি কার্যকর রয়েছে। এই মোড়গুলো হলো—বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন ও শাহবাগ।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, এই সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে ট্রাফিক পুলিশকে আগের মতো রোদে বা বৃষ্টিতে দাঁড়িয়ে হাতে সংকেত দিতে হবে না। এতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের কষ্ট কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক হবে। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরের আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রযুক্তি স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ডিএসসিসির আওতাধীন আরও ২২টি মোড় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে কেবল প্রযুক্তিনির্ভর সিগন্যাল দিয়ে যানজট নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক। তিনি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। সিগন্যাল অমান্য করা, নির্দিষ্ট লেন ব্যবহার না করা, জেব্রা ক্রসিংয়ের নিয়ম না মানা এবং মোড়ে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধের আহ্বান জানান তিনি।

ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আবদুস সালাম বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হবে। কেউ বারবার আইন অমান্য করলে ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং গাড়ির কাগজপত্র জব্দের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।