ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটি

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভাটি আহ্বান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সভায় সভাপতিত্ব করবেন। সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হবে এবং এর ভিত্তিতে ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও এই তথ্য জানানোর জন্য বলা হয়েছে। চাঁদ দেখার তথ্য জানানোর জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।