সিংগাইরে জবি বাস ভাঙচুর: ২৪ ঘণ্টার আল্টিমেটাম উপাচার্যের

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ বহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের কঠোর আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানায় উপস্থিত হয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি এই দাবি জানান। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম উপাচার্যের এই আল্টিমেটামের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০ থেকে ২৫০ জন শিক্ষার্থী সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিংগাইর থানায় গিয়ে অবস্থান নেন।

ঘটনার সূত্রপাত সম্পর্কে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসার বাসটিকে অনুসরণ করে সিংগাইরের ভূমদক্ষিণ এলাকায় গতিরোধ করেন। এ সময় কাওসার ও অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে বাসটির দুই পাশের সব কাচ ভেঙে ফেলেন।

এই হামলায় পূর্ণিমা, আখি আক্তার ও রিনভি নামের তিন শিক্ষার্থী এবং বাসচালক মো. সাজ্জাদ হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাসচালক বাদী হয়ে মঙ্গলবার সিংগাইর থানায় কাওসারকে প্রধান আসামি করে ১০-১২ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি কাওসার বর্তমানে পলাতক রয়েছেন।

ওসি মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। উপাচার্যের থানায় অবস্থানের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, অধ্যাপক ড. নাসির উদ্দিন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম এবং ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৬

এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০-২৫০ শিক্ষার্থী উপজেলা ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান নেন।