ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে শনিবার (১৮ জুলাই) আয়োজিত এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় সংঘাত নিরসনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় শামা ওবায়েদ ইসলাম নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, কেবল আমার সঙ্গে ঘনিষ্ঠতা আছে কিংবা আমার মঞ্চে বসেছেন—এই পরিচয়ে কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এমনটি ভাবলে ভুল করবেন। আইনের দৃষ্টিতে সবাই সমান বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণের পাশে থেকে তাদের সেবা করা।
প্রতিমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও ইভটিজিং কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং এগুলো পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। এসব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি তরুণ প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
নগরকান্দা ও সালথার বাসিন্দাদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, যাদের বাড়িতে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ঢাল বা সড়কি রয়েছে, তারা যেন স্বেচ্ছায় তা থানায় জমা দেন। বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে পরিবারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ বা স্থানীয় সংঘাত সহিংসতার পথে না গিয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, সংসদে ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন পাস হয়েছে। সমাজে কেউ নির্যাতনের শিকার হলে তার ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং এজন্য থানায় অভিযোগ করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, থানা-পুলিশ সবার জন্য এবং নির্যাতিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও পুলিশের দায়িত্ব।
সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মীয়াজী, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

