মাত্র পাঁচ বছর বয়সী শিশু নূর মোহাম্মদ এখন জীবন-মৃত্যুর এক কঠিন লড়াইয়ে লিপ্ত। মরণব্যাধি ব্রেন ক্যানসার ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তার জীবনের সব আলো। এই শিশুটি পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের দিনমজুর মো. জিন্নাহর সন্তান।
বর্তমানে নূর মোহাম্মদ সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যানসার বা ‘পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি’ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইমরুল কায়েসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসক ডা. মো. ইমরুল কায়েস জানিয়েছেন, শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য আরও প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু নুন আনতে পান্তা ফুরানো দিনমজুর বাবার পক্ষে এই বিপুল পরিমাণ ব্যয়ভার বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এতদিন জিন্নাহ তার ভিটামাটি ও সম্বল বলতে যা ছিল সব বিক্রি করে, ধার-দেনা করে এবং গ্রামের মানুষের সহায়তায় ছেলের চিকিৎসা চালিয়েছেন। কিন্তু এখন আর কিছুই অবশিষ্ট নেই, নিঃস্ব হয়ে পড়েছেন জিন্নাহ।
হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করতে থাকা অবুঝ শিশুটি যখন বাবাকে তাকিয়ে বলে, ‘আব্বা, আমার ব্যথা করে, আমাকে ভালো করে দাও’, তখন অঝোরে চোখের পানি ফেলা ছাড়া অসহায় বাবার আর কিছুই করার থাকে না। টাকার অভাবে চোখের সামনেই ঝরে যেতে বসেছে একটি ফুটফুটে তাজা প্রাণ।
একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং এই নিষ্পাপ শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে আকুল আবেদন জানিয়েছে নূরের পরিবার। নূর মোহাম্মদকে সাহায্য করতে বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে তার বাবা মো. জিন্নাহর বিকাশ (পার্সোনাল) নম্বর ০১৭৫৪-৭৮২৭১৩-তে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

