ইরানের পক্ষ থেকে হত্যার হুমকি পাওয়ার পর গত মাসে তুরস্ক থেকে গোপনীয়তা রক্ষা করে ছোট একটি বিমানে করে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ওয়াশিংটন পোস্টের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ৮ জুলাই আঙ্কারা থেকে ট্রাম্প প্রথমে এয়ার ফোর্স ওয়ানের বিমানে ওঠেন। এরপর তাঁকে কৌশলে ওই বিমানের সঙ্গে যুক্ত একটি ক্যাটারিং কনটেইনারে সরিয়ে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে একটি ছোট আকারের বিমানে তোলা হয়, যা তাঁকে যুক্তরাজ্যে নিয়ে যায়। এই পুরো প্রক্রিয়ার সময় উপস্থিত গণমাধ্যমকর্মী ও কয়েকজন কর্মকর্তাকে ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও মূল বড় বিমানটিতেই অবস্থান করছেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের হুমকির কারণেই তুরস্ক থেকে কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানে ট্রাম্প যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেননি। যদিও তুরস্কে যাওয়ার সময় তিনি ওই নতুন বিমানটিই ব্যবহার করেছিলেন। পরবর্তীতে দ্য নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ইরানের মিত্র বা প্রক্সি বাহিনীর সম্ভাব্য হুমকির কারণেই বিমান পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
নিরাপত্তার খাতিরে আঙ্কারা থেকে পুরোনো বিমানে থাকা সাংবাদিকদের জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যা যুদ্ধক্ষেত্রে সাধারণত নেওয়া হয়। এই ঘটনা ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিকে আরও স্পষ্ট করেছে। এছাড়া বিমান পরিবর্তনের এই ঘটনা কাতারের উপহার দেওয়া নতুন বিমানটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পুরোনো বিমানের তুলনায় নতুন বিমানটিতে কিছু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা নেই।

