পুলিশের মনোবল ভাঙতে অপপ্রচার চালাচ্ছে ফ্যাসিস্টের দোসররা: পুলিশ অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পুলিশ বাহিনীর ভেতরে এবং বাইরে ঘাপটি মেরে থাকা ‘গুপ্ত ও ফ্যাসিস্টের দোসররা’ দেশ-বিদেশের বিভিন্ন অ্যাক্টিভিস্টদের কাছে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এসব বিভ্রান্তিকর তথ্য যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত ও মনগড়া গল্প হিসেবে প্রচার করা হচ্ছে, যা একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর কর্মস্পৃহা ও কার্যক্ষমতাকে বাধাগ্রস্ত করছে।

রোববার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের ভঙ্গুর মনোবল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পর্যায়ে রয়েছে এবং সদস্যরা নতুন উদ্যমে দায়িত্ব পালনে ফিরে আসছেন। ঠিক এমন সময়ে পলাতক, জনবিচ্ছিন্ন ফ্যাসিস্ট শক্তি এবং কতিপয় স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভাষ্যমতে, এসব চক্রের দেওয়া তথ্যের সত্যতা যাচাই না করেই অনলাইন অ্যাক্টিভিস্ট ও নামধারী সাংবাদিকরা সেগুলোকে অতিরঞ্জিত করে নানা বিভ্রান্তিকর গল্প তৈরি করছে। দুঃখজনকভাবে এই অপপ্রচার এখন ব্যক্তিবিশেষ থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি বাহিনীর প্রধানের বিরুদ্ধে কুৎসা রটনায় রূপ নিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার অংশ হতে পারে না। এটি পেশাগত নৈতিকতা এবং রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থি। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে দুর্বল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২১: ৩২আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২১: ৪৮