নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মহাকাব্যিক বিশ্বকাপ ফাইনালের আগে আবেগাপ্লুত হয়ে পড়েছেন আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। শুক্রবার নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক জানান, গত কয়েক বছরে দলের অভাবনীয় সাফল্যের কথা ভাবলে মাঝে মাঝে তার চোখে পানি চলে আসে। তবে এই আবেগের পাশাপাশি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে তিনি পুরোপুরি মনোযোগী।
মার্তিনেজ বলেন, আমি এখন কেবলই জয়ের দিকে তাকিয়ে আছি। আমাদের পুরো দল গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে, যা আমরা বছরের পর বছর ধরে গড়ে তুলেছি। সত্যি বলতে, মাঝে মাঝে আমরা কী অর্জন করেছি তা একা একা ভাবলে আমার চোখে পানি চলে আসে। আমি এই মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করছি, কারণ অনেক সময় ফুটবলার হিসেবে আমরা নিজেরাও বুঝতে পারি না যে ক্যারিয়ারের কোন চূড়ায় আমরা দাঁড়িয়ে আছি। সতীর্থদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মুহূর্তটা উপভোগ করো এবং মুখে হাসি নিয়ে প্রস্তুতি নাও। এটা এমন এক স্মৃতি যা আমরা আজীবন মনে রাখব।
২০২২ সালের কাতার বিশ্বকাপের স্মৃতিচারণ করে মার্তিনেজ জানান, ফ্রান্সের বিপক্ষে ফাইনালে পেনাল্টি শুটআউটে জয় পাওয়ার আগে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে কোলো মুয়ানির নিশ্চিত গোল আটকে দেওয়াটা ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। তিনি বলেন, গত ফাইনালে ফ্রান্স পেনাল্টি পাওয়ার আগ পর্যন্ত প্রথম ৮০ মিনিট আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা তিনটি গোল খেয়ে বসি, আর ফাইনালে তিনটি গোল হজম করলে সাধারণত ম্যাচ হারার সম্ভাবনাই বেশি থাকে। একদম শেষ মুহূর্তে আমাকে ওই সেভটা করতেই হতো। ভাগ্য ভালো যে সেদিন বল ভেতরে ঢোকেনি, যেমনটা গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে হয়েছিল।
মে মাসে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে আঙুলে চোট পেলেও, ২০২২ সালের চেয়ে এবারের বিশ্বকাপ সফরটি তিনি অনেক বেশি উপভোগ করছেন বলে জানিয়েছেন। তার মতে, বর্তমানে তার বল পাসিং ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আর্জেন্টিনার হয়ে নিজের পঞ্চম ফাইনাল খেলতে পারায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোববার স্পেনকে হারাতে পারলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ড গড়বে আলবিসেলেস্তেরা। দলের পরিচয় বা লিগ্যাসি নিয়ে প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, আমাদের দলের সব খেলোয়াড়ই উঠে এসেছে খেটে খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে, যেখানে আমাদের বাবা-মায়েদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।

