বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই মহারণেই প্রথমবারের মতো পিচে মুখোমুখি লড়াইয়ে নামবেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। তবে মাঠের লড়াইয়ের আগে এই দুই তারকার প্রথম দেখার গল্পটি ফুটবলপ্রেমীদের বেশ জানা। ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক ‘দিয়ারিও স্পোর্ত’-এর দাতব্য ক্যালেন্ডারের জন্য মেসির সঙ্গে ছবি তুলেছিলেন পাঁচ মাস বয়সী ইয়ামাল। প্লাস্টিকের বাথটাবে বসা সেই ছোট্ট ইয়ামালকে মেসির গোসল করিয়ে দেওয়ার ছবি নিয়ে এবার নিজেই কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফাইনালে নামার আগে নিউইয়র্কে এক ফ্যান ইভেন্টে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও মেসি। চলতি বিশ্বকাপে এই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচের আগে কথা বললেন মেসি। ইয়ামালের সঙ্গে ১৯ বছর আগের সেই ছবি নিয়ে মেসি বলেন, ‘সে যখন ছোট শিশু, তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছি। আর এখন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। কারণ, ওর ভালো হওয়া মানে বার্সেলোনারও ভালো হওয়া।’
বার্সেলোনার ১৯ বছর বয়সী এই তারকাকে প্রশংসায় ভাসিয়ে মেসি আরও বলেন, ‘লামিনে অসাধারণ খেলোয়াড়। আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি। কারণ, ও এমন একটা ক্লাবে (বার্সেলোনা) খেলে, যাকে আমি ভালোবাসি এবং সব সময় যার মঙ্গল চাই। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের অন্যতম এক তারকা, পুরো ক্যারিয়ারই তো সামনে পড়ে আছে। ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত ও সেটা করতে না পারে। আমি ওর সাফল্য কামনা করি। আর সত্যি বলতে, ওই ছবিটা আসলেই অবিশ্বাস্য—জীবন কত অদ্ভুত!’
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে নামতে যাওয়া আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ আকাশচুম্বী। তবে মাঠের কঠিন প্রতিপক্ষ ও প্রত্যাশার চাপকে আর্জেন্টিনা কীভাবে সামলাচ্ছে, তা নিয়ে কথা বলেছেন মেসি। তিনি জানান, শৈশব থেকেই তারা অনেক আবেগ নিয়ে ফুটবল খেলে বড় হয়েছেন। স্কুল, রাস্তা বা ক্লাব—সবখানেই তারা ফুটবল খেলতে, উপভোগ করতে এবং নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত থাকতেন।
চাপ সামলানোর বিষয়ে মেসি বলেন, ‘চাপ নিয়ে আমরা কখনোই ভাবি না। মাঠে নেমে খেলাটা উপভোগ করাকে আমরা খুব স্বাভাবিকভাবেই নিই। আমরা একটি প্রতিযোগিতামূলক দল, জিততে ভালোবাসি। কিন্তু মনে রাখতে হবে, খেলাটা দলীয়, প্রতিপক্ষও জেতার জন্য মাঠে নামে এবং সব সময় জেতা যায় না। ছোটবেলাতে আমি একটা জিনিস শিখেছি, জয়ের চেয়ে হারতেই হয় বেশি; আর এ শিক্ষাই আমাকে একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।’

