সিরাজগঞ্জে তেল ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে ৭ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় এক তেল ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম জিন্নাহ সরকার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জিন্নাহ সরকার। পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওই তেল ব্যবসায়ীকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল জানান, ঘটনাটি তারা জেনেছেন। আহত ব্যবসায়ী জিন্নাহ সরকার বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।