সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বানোয়াট ও উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে। বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা অশুভ উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এর মূল লক্ষ্য হলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ধরনের বেআইনি তদবির আমলে না নেওয়া এবং একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কারণেই একটি মহল অসন্তুষ্ট হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে সম্পৃক্ত থাকা, সরকারি দপ্তরে অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির মতো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
এ ধরনের গুজব ও উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজবের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে পুলিশ হুঁশিয়ারি দিয়েছে যে, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

