হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী

আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বয়োজ্যেষ্ঠ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা এবং তাঁর কাছ থেকে দোয়া গ্রহণ করা। একই সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকাও পরিদর্শন করবেন।

হেফাজত আমিরের দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরপরই আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে রমজান মাস শুরু হওয়ায় এবং মাদ্রাসায় খতমে তারাবির দায়িত্ব পালনের কারণে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষে ঢাকায় যাওয়া সম্ভব হয়নি। তখন প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেন। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর এই সফর সূচি নির্ধারিত হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে চলছে বিশেষ প্রস্তুতি। বিশেষ করে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুতকরণ, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।