আগস্টের প্রথম ৫ দিনে দেশে এলো ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি আগস্ট মাসের প্রথম ৫ দিনেই দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৩৪৪ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সদ্য বিদায়ী জুলাই মাসে বৈধ পথে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই প্রবাহের পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসেবে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৫ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।