ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়টি ভারতের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ভবিষ্যতে কী ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায়, সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ বিষয়ে কূটনৈতিক ভাষায় নিজেদের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করেছে। ভারত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবে কি না, সেটি সম্পূর্ণ তাদের সরকারের সিদ্ধান্ত। তবে ভারতের অবস্থান পরিষ্কার হওয়া দরকার যে, তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি ভারতের মাটিতে বসে এ ধরনের বক্তব্য দেন এবং ভারত সরকার সেটি অনুমোদন করে, তাহলে তা বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করে। এর প্রভাব ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপরও পড়তে পারে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সরকার এবং জনগণ উভয়েই সুসম্পর্ক চায়। কিন্তু ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতা-কর্মী বা তাদের প্রধান যদি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এবং তা বন্ধ না হয়, তাহলে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে পানি, জ্বালানি ও সীমান্তসহ নানা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে, যেগুলোর সমাধান সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব এবং বাংলাদেশ আলোচনায় আগ্রহী।
শামা ওবায়েদ বলেন, ভারতের উচিত সিদ্ধান্ত নেওয়া যে তারা দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় ও বক্তব্য দেওয়ার সুযোগ অব্যাহত রাখবে কি না। একই সঙ্গে বাংলাদেশকে ঘিরে তাদের পররাষ্ট্রনীতি কী হবে, সেটিও ভারতকেই নির্ধারণ করতে হবে। বাংলাদেশ চায় দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও নিজ নিজ স্বার্থের ভিত্তিতে এগিয়ে যাক। ভারত এ বিষয়টি অনুধাবন করলে উভয় দেশের জন্যই তা ইতিবাচক হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক শুধু একটি ইস্যুতে সীমাবদ্ধ নয়। জ্বালানি, পানি, সীমান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সংলাপ চলমান থাকবে এবং এ সব বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

