ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের বিবাহিত জীবনের ৩১ বছর উদযাপন করছেন। এই বিশেষ দিনে স্ত্রী মৌসুমীকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন অভিনেতা ওমর সানী। রোববার (২ আগস্ট) পোস্ট করা এই বার্তায় তিনি লিখেছেন, 'হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।'
ওমর সানীর এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে এবং মন্তব্যের ঘর ভরে ওঠে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায়। ঢালিউডের অন্যতম সফল এই তারকা জুটির পথচলা শুরু হয়েছিল নব্বইয়ের দশকে। ১৯৯২ সালে পরিচালক শেখ নজরুল ইসলামের একটি সিনেমার সূত্রে প্রথম পরিচয় হলেও নানা কারণে সেই ছবিতে কাজ করা হয়নি তাদের।
পরবর্তীতে ১৯৯৩ সালে 'দোলা' সিনেমার শুটিংয়ের সময় প্রথমবারের মতো জুটি বাঁধেন তারা। সেই শুটিং চলাকালে ছোটখাটো মনোমালিন্য থেকে ধীরে ধীরে ভালো লাগা এবং পরবর্তীতে ভালোবাসার জন্ম নেয়। অবশেষে ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একসঙ্গে পথ চলা এই দম্পতি এখনও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি হিসেবে পরিচিত।

