৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

ব্যক্তি শ্রেণির করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইন, ২০২৩-এর আওতায় এই সুবিধা প্রদান করা হচ্ছে।

সম্প্রতি এনবিআর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা এই বিশেষ কর ছাড়ের সুবিধা পাবেন। এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা তাদের রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ হারে ছাড় পাবেন। তবে এই ছাড়ের পরিমাণ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

এনবিআর-এর বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, এই প্রণোদনা শুধুমাত্র নির্ধারিত সময়ের জন্য কার্যকর। যারা ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করবেন, তাদের জন্য কোনো ধরনের কর প্রণোদনা বা ছাড়ের ব্যবস্থা রাখা হয়নি।