হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ১৩৭ শিশু। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি, তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর বিষয়টি নথিভুক্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ২২ শিশু। এই সময়ের মধ্যে ৯৪৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৮৬ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ জন। এখন পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ৬২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এর মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।