ব্রাজিলিয়ানদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ দিন দিন হ্রাস পাচ্ছে। শনিবার প্রকাশিত ‘ডেটাফোলহা’র সাম্প্রতিক জরিপের তথ্য অনুযায়ী, ১৬ বছর বা তার বেশি বয়সি ব্রাজিলীয়দের মধ্যে ৬৪ শতাংশ মানুষ ফুটবল নিয়ে আগ্রহী। এই আগ্রহী জনগোষ্ঠীর মধ্যে ২৮ শতাংশ জানিয়েছেন ফুটবলের প্রতি তাদের ‘প্রচুর আগ্রহ’ রয়েছে, অন্যদিকে ৩৬ শতাংশের রয়েছে ‘কিছুটা আগ্রহ’। বাকি ৩৬ শতাংশ জানিয়েছেন, তারা ফুটবলের খবর রাখেন না।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের সর্বশেষ জরিপের তুলনায় ফুটবলের প্রতি আগ্রহ ৮ শতাংশ কমেছে। সে সময় ৭২ শতাংশ মানুষ ফুটবল অনুসরণ করার কথা জানিয়েছিলেন এবং ২৮ শতাংশের কোনো আগ্রহ ছিল না। গত ২২ ও ২৩ জুলাই ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপটির ভুলের সম্ভাব্য মাত্রা (মার্জিন অব এরর) ২ শতাংশ কম বা বেশি হতে পারে।
জরিপে অংশগ্রহণকারীদের লিঙ্গভেদে আগ্রহের হারে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। পুরুষদের মধ্যে ৭৭ শতাংশ ফুটবল অনুসরণ করেন, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫২ শতাংশ। এছাড়া শিক্ষার হারও ফুটবলের প্রতি আগ্রহের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। প্রাথমিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে ৪৯ শতাংশ ফুটবল অনুসরণ করেন, মাধ্যমিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে এই হার বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে এবং উচ্চশিক্ষাপ্রাপ্তদের মধ্যে এটি সর্বোচ্চ ৭৫ শতাংশ।
উল্লেখ্য, এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলো থেকে বিদায় নেয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ল।

