নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণপত্র এবং তাতে পদবি ব্যবহারের বিষয়টি নিয়ে ওঠা বিতর্কের বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
আজ শুক্রবার নয়া দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ থেকে এমন অভিযোগ উঠেছে যে আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের পদবি উল্লেখ না করে কেবল ‘বিমসটেকের চেয়ার’ হিসেবে সম্বোধন করা হয়েছে, যা অপমানজনক। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি বলেন, ‘ব্রিকস-এর আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ এবং কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য দেব।’
একই ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন ওঠে। সাংবাদিকরা জানতে চান, মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যক্রম সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কি না। জবাবে জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেওয়া উচিত; কারণ, এটি ওই দুই দেশের বিষয়।’
এছাড়া ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে রণধীর জয়সোয়াল জানান, এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো তথ্য পেলে তিনি পরে জানাবেন।

