আগস্টের শেষেই শুরু হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ

দীর্ঘদিনের জটিলতা ও স্থগিতাদেশ কাটিয়ে অবশেষে মালয়েশিয়ায় পুনরায় বাংলাদেশি জনশক্তি রফতানি শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন জানান, বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে বাংলাদেশের জনশক্তির জন্য মালয়েশিয়ার বাজার উন্মুক্ত করা হবে। সকল সেক্টর ও সাব-সেক্টরেই বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ থাকবে।

শ্রমবাজার চালুর ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, আগের সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সিকে নতুন তালিকায় রাখা হবে না। তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদের কাউকেই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। মালয়েশিয়ার কর্তৃপক্ষ খুব অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিশ্চিত করবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান মাহদী আমিন।