রংপুর মেডিকেল হাসপাতালে দালাল রুখতে আউটসোর্সিংয়ে নিয়োগের পরিকল্পনা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বৃহস্পতিবার হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রী জানান, হাসপাতালকে দালালমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে রোগী ও তাদের স্বজনরা প্রকৃত কর্মচারীদের সহজেই চিনতে পারেন এবং প্রতারণার হাত থেকে রক্ষা পান।

হাসপাতালের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে পুরো হাসপাতাল এলাকাকে সিসিটিভি নজরদারির আওতায় আনা, পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করা।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে হাসপাতালের আইসিইউ বেড সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ২০টি করা হবে। এছাড়া অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের সংকট দূর করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সার্বক্ষণিক অস্ত্রোপচার সেবা চালু রাখা যায়।

লাশ পরিবহনে অনিয়ম রোধে অ্যাম্বুলেন্সগুলো তালিকাভুক্ত করা হবে এবং কিলোমিটারভিত্তিক ভাড়ার চার্ট তৈরি ও চালানের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা চালু করা হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।

সভায় রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।