তারুণ্য ধরে রাখতে জনপ্রিয় হচ্ছে চকলেট থেরাপি

বয়স বাড়ার সাথে সাথে ত্বকের তারুণ্য ধরে রাখার আকাঙ্ক্ষা এখন বিশ্বজুড়ে বাড়ছে। শুধুমাত্র তারকারাই নন, সাধারণ মানুষও এখন বলিরেখা দূর করতে বা ত্বক ঝুলে যাওয়া রোধে বিভিন্ন অ্যান্টি-এজিং থেরাপির শরণাপন্ন হচ্ছেন। লেজার চিকিৎসার পাশাপাশি বর্তমানে নতুন ট্রেন্ড হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘চকলেট থেরাপি’। বিলাসবহুল স্পা ও বিউটি ক্লিনিকগুলোতে এখন ত্বকের যত্নে চকলেটের ব্যবহার বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, চকলেটে থাকা ফ্ল্যাভোনল ও পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে। তবে এসব থেরাপির কার্যকারিতা নিয়ে আরও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চকলেট অ্যান্টি-এজিং সিগনেচার ফেশিয়াল ত্বকের বলিরেখা কমাতে ও কোলাজেন উৎপাদনে সহায়তা করে। এই প্রক্রিয়ায় ওটমিল ও কোকো ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কারের পর এক্সফোলিয়েশন করা হয়। এরপর আলট্রাসনিক প্রযুক্তিতে ডার্ক চকোলেট অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম প্রয়োগ করে শেষে কোকো মাস্ক ব্যবহার করা হয়। এর খরচ প্রতি সেশনে ১,৫০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। শরীরের ত্বকের যত্নে কোকো হাইড্রেটিং বডি র‍্যাপ বেশ জনপ্রিয়, যেখানে গলানো ডার্ক চকোলেট ও এসেনশিয়াল অয়েল মেখে ৩০ মিনিট থার্মাল ফয়েলে শরীর ঢেকে রাখা হয়। এর খরচ সেশনপ্রতি ৩,০০০ থেকে ৬,০০০ টাকা।

রোদপোড়া বা মেচেতার মতো সমস্যা দূর করতে হোয়াইট চকলেট ও গোলাপজল দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করা হয়, যার খরচ ১,২০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। এছাড়া হলিউড ও বলিউডে জনপ্রিয় চকলেট ও রেড ওয়াইন থেরাপি বা ‘স্কিন গ্লো থেরাপি’-তে ডার্ক চকলেটের সঙ্গে মধু ও রেড ওয়াইন মেশানো হয়। এতে থাকা রেসভেরাট্রল ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, যার খরচ সেশনপ্রতি ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে যেকোনো বিউটি থেরাপি নেওয়ার আগে ত্বকের ধরন ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি।