আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে ভারত যদি অস্বীকৃতি জানায়, তবে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে। ছয় দিনের পাকিস্তান সফরকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার বিবিসি উর্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্পিকার আরও বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন, তবে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।

২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭৯ বছর বয়সি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে আসছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার বিষয়টি ভারত স্বীকার করেছে। তবে এ বিষয়ে দেশটি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য ঘোষণা প্রসঙ্গেও মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, তার সমর্থকদের উজ্জীবিত রাখতেই এ ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১০ বছরেও শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে দাবি করেন তিনি। এদিকে, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর।

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৪: ৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫: ০২