পারস্য উপসাগরে ইরানের হেঙ্গাম দ্বীপের কাছাকাছি আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। এই প্রতিক্রিয়ার মুখেই বিমানটি দ্রুত গতিপথ পরিবর্তন করে ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়।
ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলীয় সমুদ্রসীমায় ইরানের আকাশসীমার বেশ কাছাকাছি চলে এসেছিল। সে সময় বিমানটি কয়েকটি জাহাজকে আকাশপথে নিরাপত্তা দিচ্ছিল। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই জাহাজগুলো সামুদ্রিক চলাচলসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করছিল।
ঘটনার পর আইআরজিসি সতর্ক করে বলেছে যে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণের নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টাকে তারা অগ্রহণযোগ্য বলে মনে করে। এ ধরনের নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষ এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আইআরজিসি আরও স্পষ্ট করেছে যে, ইরানের আকাশসীমার নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। মার্কিন বিমান বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছে।

