সাংবাদিক মাহমুদুর রহমানের গুলশানের বাসায় পুলিশের আকস্মিক উপস্থিতি এবং একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল ও প্রতিশোধ নেওয়ার হুমকির ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাঈম আহমাদ বলেন, মাহমুদুর রহমানের সাংবাদিকতা বা রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। দিল্লির আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের অবস্থানকে রাজনৈতিক প্রতিহিংসার কারণ বানানো হলে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, ভারতের একজন মন্ত্রী প্রকাশ্যে বাংলাদেশের ভূখণ্ড দখল ও প্রতিশোধ নেওয়ার হুমকি দেবেন, আর একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে আধিপত্যবাদের সমালোচক একজন সাংবাদিকের বাসায় পুলিশের এমন উপস্থিতি ঘটবে—এই ঘটনাগুলোর রাজনৈতিক তাৎপর্য খতিয়ে দেখা প্রয়োজন। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো বিদেশি শক্তির স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, সেই প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো প্রতিবেশী রাষ্ট্রের দয়া বা অনুগ্রহের বিষয় নয়। দেশের জনগণ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস বরদাশত করা হবে না। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর স্থগিত থাকা একটি মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় যায়, যে মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। এর আগে ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল ও হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকীর সভাপতিত্বে এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক পর্যায়ের নেতারা অংশ নেন।

