কুয়েতে ইরানের ড্রোন হামলায় ইতালির দুই প্রযুক্তিবিদ নিহত

ইরানের চালানো ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। নিহতরা জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় বেশ কয়েকটি শত্রুতামূলক ড্রোন শনাক্ত করার পর নিরাপত্তা বাহিনী তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওই স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। মন্ত্রণালয় বিস্তারিত কোনো স্থাপনার নাম উল্লেখ না করলেও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে।

ইতালির সংবাদপত্র লা রিপাবলিকা জানিয়েছে, নিহত প্রযুক্তিবিদরা ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন। ধারণা করা হচ্ছে, গত মার্চ মাস থেকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের হামলা থেকে রক্ষা এবং ইতালির জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত সামরিক ও বেসামরিক দলের অংশ ছিলেন তারা।

এদিকে, এই হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। কুয়েতের আকাশসীমা বন্ধের খবরের পর ইরাক হয়ে ইউরোপ থেকে আসা বেশ কয়েকটি বিমানের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই কুয়েত বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার অংশ হিসেবেই এসব আক্রমণ চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।